আগরতলা, ৯ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার ধর্মনগর যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
খবর পেয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। পরে তাঁকে আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
মুখ্যমন্ত্রী জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে অধ্যক্ষের অবস্থা স্থিতিশীল। তাঁকে আগামী ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা ও প্রার্থনা জানিয়েছেন।