আগরতলা, ৮ আগস্ট, ২০২৫ঃ
শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার থেকে বিলোনিয়া ও জোলাইবাড়ী রেলস্টেশনে থামবে। আগামী ১৪ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হল।
বহুদিন ধরেই দক্ষিণ জেলার জনগণ দূরপাল্লার ট্রেন বিশেষত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া স্টেশনে স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। জোলাইবাড়ী স্টপেজটি এই ঘোষণায় বাড়তি পাওনা হিসেবে ধরা হচ্ছে।
পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব গত ১৪ মে তিনি উত্তর পূর্বাঞ্চল সীমান্ত রেলওয়ের মহাব্যবস্থাপককে চিঠি লিখে বিলোনিয়া ও তেলিয়ামুড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ চালুর প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তোলা।
পরিশেষে, শুক্রবার রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে বিলোনিয়া ও জোলাইবাড়ী স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ চালুর সিদ্ধান্ত নেয়। এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন ছাত্রছাত্রী, প্রবীণ, অসুস্থ যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা।
এই সিদ্ধান্তের জন্য সাংসদ বিপ্লব দেব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই উদ্যোগ রেল পরিষেবাকে আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।