আগরতলা, ১৮ মে, ২০২৬ঃ
ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে প্রবল বজ্রঝড়, বিদ্যুৎ চমক, ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তরের, আগরতলা আবহাওয়া কেন্দ্র। সোমবার আবহাওয়া দপ্তর তার পূর্বাভাসে জানায়, খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহিজলা জেলায় এক বা দুই স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।
সাধারণ মানুষকে বজ্রঝড় চলাকালীন ঘরের ভিতরে থাকার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইএমডি। ইলেকট্রনিক যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগহীন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আইএমডি আশঙ্কা প্রকাশ করেছে যে প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়া বা ডাল ভেঙে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কাঁচা বাড়ি ও দুর্বল স্থাপনার আংশিক ক্ষতির আশঙ্কা করা হয়েছে।