আগরতলা, ১৮ মে, ২০২৬ঃ
ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘সমৃদ্ধি ২.০’-এর আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে “বেস্ট পারফর্মিং ব্যাঙ্ক” সম্মানে ভূষিত হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
রবিবার আগরতলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যাঙ্কের প্রতিনিধিদের হাতে এই সম্মান তুলে দেন।
ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মান স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা প্রদান, মহিলা উদ্যোক্তা তৈরিতে উৎসাহ, গ্রামীণ জীবিকার উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক বিকাশে ব্যাঙ্কের ধারাবাহিক কাজের স্বীকৃতি।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাজ্য সরকার, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, গ্রাহক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং সমস্ত অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি এই সাফল্যের জন্য ব্যাঙ্কের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম এবং জনমুখী ব্যাঙ্কিং পরিষেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ভবিষ্যতেও আত্মনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী ত্রিপুরা গঠনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।