আগরতলা, ১ জানুয়ারি, ২০২৬ঃ
ভারতীয় সেনাবাহিনীর আলবার্ট এক্কা ব্রিগেড আগরতলা মিলিটারি স্টেশনে বৃহস্পতিবার বাহিনীর ৫৬তম রেইজিং ডে উদ্যাপন করল। এই দিনটি ব্রিগেডের গৌরবময় ইতিহাস, বীরত্ব ও দেশের প্রতি নিরলস সেবাকে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ দিন।
এদিন আলবার্ট এক্কা শহিদবেদীতে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান সেনা আধিকারিকরা।
আলবার্ট এক্কা ব্রিগেডের একটি অনন্য গৌরব হল, যুদ্ধ ও শান্তিকাল মিলিয়ে দেশের সর্বোচ্চ দুটি বীরত্ব সম্মান অর্জন করা এবং ১৯৭১ সালের
১৯৭১ সালের যুদ্ধের সময় অপারেশন ক্যাকটাস লিলি এই আগরতলা থেকেই শুরু করেছিল আলবার্ট এক্কা ব্রিগেড।
১৯৭১ সালের যুদ্ধে গঙ্গাসাগর যুদ্ধে আলবার্ট এক্কা ব্রিগেডের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যুদ্ধে ১৪ গার্ডস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক আলবার্ট এক্কা শত্রুর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেন। তার অসামান্য বীরত্বের জন্য তাকে পরম বীর চক্রে ভূষিত করা হয়।
রেইজিং ডে উপলক্ষে সেনাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ব্রিগেডিয়ার ধীরজ সিং আলবার্ট এক্কা ব্রিগেডের পেশাদারিত্ব, অপারেশনাল দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি জাতীয় নিরাপত্তা রক্ষা, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রয়োজনে অসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে ব্রিগেডের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সকল পদমর্যাদার সেনাসদস্যকে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে সম্মান, সততা ও আত্মনিবেদনের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।