আগরতলা, ২২ জুন, ২০২৬ঃ
স্বচ্ছতা রক্ষা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তাহলেই একটি সুস্থ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে উঠবে। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন-২০২৬ বিষয়ক রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, অনেক জায়গায় নালাগুলিতে আবর্জনা জমে থাকার কারণে শহরে জল জমার সমস্যা দেখা দেয়। নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় আগরতলা পুরনিগম, রাজ্যের ২০টি নগর পঞ্চায়েত ও পুর পরিষদের সদস্য-সদস্যা, বিভিন্ন জেলার আধিকারিক, ক্লাব ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে ‘স্বচ্ছতা’ অ্যাপের উদ্বোধন করেন।
তিনি জানান, আগরতলা পুরনিগমসহ রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত যানবাহন যুক্ত করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে সাধারণ মানুষকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন-২০২৬ সম্পর্কে জানাতে একটি তথ্যপত্র প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।