আগরতলা, ৩ জানুয়ারি ২০২৬ঃ
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ত্রিপুরা সরকার জানুয়ারি ২০২৬ কে ‘জিরো ফ্যাটেলিটি মাস’ হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তথ্য নির্ভর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো।
মন্ত্রকের নির্দেশে রাজ্যগুলিকে টেকনিক্যাল সহায়তা দেওয়ার জন্য সেইভ লাইফ ফাউন্ডেশন সংস্থাটি নিযুক্ত হয়েছে। সংস্থার এর পূর্ববর্তী কাজের মাধ্যমে দেশে দুর্ঘটনা প্রবণ স্থানে মৃত্যুর হার ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।
জানুয়ারি মাসব্যাপী এই অভিযান তিনটি মূল স্তম্ভের ওপর কেন্দ্রীভূত থাকবে—ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি ও পর্যালোচনা। প্রতিটি জেলায় তিনটি সবচেয়ে বিপজ্জনক সড়ক করিডোর চিহ্নিত করা হবে, দুর্ঘটনার ধরন ও ঝুঁকিপ্রবণ ব্যবহারকারীদের বিশ্লেষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে গতি নিয়ন্ত্রণ, রাস্তার মার্কিং ও সাইনবোর্ড স্থাপন, পথচারীদের জন্য আলাদা সুবিধা, সড়ক লাইটিং, ডিভাইডার ও মেডিয়ান উন্নয়ন। এছাড়াও মদ্যপান অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে ড্রাইভিং, সিটবেল্ট বা হেলমেট ব্যবহার না করা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা প্রবণ এলাকায় এম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা এবং ট্রমা কেয়ার সেবা উন্নত করার পরিকল্পনাও করা হয়েছে।