আগরতলা, ৪ জানুয়ারী, ২০২৫ঃ
অমরপুর টিএসআর পঞ্চম বাহিনী ক্যাম্প এলাকা থেকে কেন্দ্রীয় গোয়েন্দা শাখার পুলিশের একটি বিশেষ অভিযানে এক বাংলাদেশী মহিলা ও দুই ভারতীয় যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১,৪৮,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনজনকে অমরপুর বীরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা অমরপুর ডালাক বাজার হয়ে শহরমুখী হচ্ছিল এবং একটি অটোতে তারা ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে বিশেষ সাফল্য পায়। বাংলাদেশী মহিলা নাগরিকের নাম প্রণিতা ত্রিপুরা, এবং তিনি বাংলাদেশের পানছড়ি থানার অন্তর্গত নওগাঁও গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি সীমান্ত পেরিয়ে ভারত আছেন এবং জাল নোট সহ আসছিলেন।
অমরপুর থানার পুলিশ আধিকারিক নির্বাণ দাস এবং ওসি শুক্রুমনি দেববর্মা এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংবাদমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সময়মতো অভিযান চালিয়েছি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হওয়ার সম্ভাবনা রয়েছে।”