আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে চাকরি প্রদান করছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রজ্ঞাভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫২ জনের হাতে টি.এফ.এস. গ্রেড-ওয়ান ফিসারি অফিসার পদের অফার লেটার তুলে দিয়ে একথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি কাজের মূল লক্ষ্য জনকল্যাণ। স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে বলেই সবার সামনে অফার লেটার বিতরণ করা হচ্ছে। বর্তমানে চাকরির জন্য কোনও সুপারিশের প্রয়োজন হয় না, পড়াশোনার মাধ্যমে যারা নিজেদের যোগ্য প্রমাণ করছেন, তারাই বিভিন্ন পদে নিয়োগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, অতীতে প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসবাদ ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরি করা কষ্টকর ছিল। কিন্তু বর্তমানে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ায় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে দূরবর্তী এলাকায় কাজ করা এখন অনেক সহজ হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতা ও সহানুভূতি নিয়ে কাজ করতে হবে। সরকারি দপ্তরে যারা বিভিন্ন প্রয়োজনে আসেন, তাদের সহমর্মিতার সঙ্গে পরিষেবা দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘নতুন ত্রিপুরা’ গড়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সরকারি চাকরির পাশাপাশি স্বনির্ভরতার উপরও জোর দিচ্ছে রাজ্য সরকার। এখন পর্যন্ত বিভিন্ন পদে ২০ হাজার ২৪৮ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।