আগরতলা, ১ মার্চ ২০২৬ঃ
“এপস্টিন ফাইল” ইস্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরী-র নাম এই বিতর্কে জড়ানোর অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির।
রবিবার রাজধানী আগরতলা-য় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। কংগ্রেস ভবনের সামনে জমায়েত হয়ে নেত্রী-কর্মীরা পদত্যাগের দাবিতে সরব হন। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ বলেন, অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত মন্ত্রীর পদে থাকা অনৈতিক।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের গায়ে প্রতিবাদী স্লোগান লেখা গেঞ্জি ছিল। “পি এম ইজ কম্প্রোমাইজড” লেখা বার্তায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানানো হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।
নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মন্ত্রীকে ‘ক্লিনচিট’ দিয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাঁদের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন।
ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস জানিয়েছে, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নির্দেশ মেনে সুষ্ঠ তদন্ত ও ন্যায়বিচার না হওয়া পর্যন্ত রাজ্যে আন্দোলন জারি থাকবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর ক্রমেই বাড়ছে।