আগরতলা, ২৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের মরদেহ শনিবার বিমানে করে রাজ্যে এসে পৌঁছায়। এমবিবি বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর সেখানেই প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর প্রয়াত অধ্যক্ষের মরদেহ র্যালির মাধ্যমে ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গনে নিয়ে আসা হয়। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী মানিক সাহা।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পর টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের নায়ক সুবেদার জিতেন্দ্র দেববর্মার নেতৃত্বে টিএসআর জওয়ানরা প্রয়াত অধ্যক্ষের প্রতি শোক সেলামী প্রদান করেন। পাশাপাশি দু’মিনিট নীরবতা পালন করে তার স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, প্রয়াত অধ্যক্ষের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্ববন্ধু সেন ছিলেন একাধারে কবি ও সংস্কৃতিপ্রেমী মানুষ। যাত্রা ও নাটকের সঙ্গে তার গভীর সংযোগ ছিল। বিধানসভার কার্য পরিচালনায় তাঁর ভূমিকা ও দক্ষতা ছিল অনুকরণীয়। তাঁর প্রয়াণে রাজ্যবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রয়াত অধ্যক্ষের চিন্তা ও আদর্শকে পাথেয় করে আগামী দিনেও বিধানসভার কার্যাবলী এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ভোরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরলোকগমন করেন।