আগরতলা, ২৫ জানুয়ারি, ২০২৬ঃ
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ইছাইলালচড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে শনিবার একটি সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইসকে ঘিরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। লালছড়া সাব সেন্টার সংলগ্ন এলাকায় ডিভাইসটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডিভাইসটির গায়ে ‘জিপিএস’ লেখা থাকায় প্রথমদিকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হয়।
তবে কদমতলা থানার অফিসার-ইন-চার্জ জয়ন্ত দেবনাথ আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন। উদ্ধার হওয়া ডিভাইসটি একটি রেডিওসন্ড, যা আবহাওয়ার পূর্বাভাস ও গবেষণার কাজে ব্যবহৃত একটি বৈজ্ঞানিক যন্ত্র। আবহাওয়া দপ্তর সাধারণত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহের জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করে থাকে।
তিনি আরও জানান, ঘটনাস্থলটি ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার তুলনামূলকভাবে নিকটবর্তী হওয়ায় রাজ্যের আবহাওয়া দপ্তর অথবা প্রতিবেশী বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকেও ডিভাইসটি উৎক্ষেপিত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।