আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন ওয়ার রুমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে ‘স্ট্র্যাটেজিক অ্যাপ্রোজ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট’ রোডম্যাপ পুস্তকের প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশের কারণে উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে। শিল্পোন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করা হয়েছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এই রোডম্যাপ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে রাজ্যের শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে। এর ফলে ত্রিপুরা আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি বলেন, রাজ্যে শিল্পোন্নয়নের ক্ষেত্রে রাবার, বাঁশ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভিশন ডকুমেন্ট বাস্তবায়নে ত্রিপুরা দেশের অনেক রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বাইরের বহু বিনিয়োগকারী শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন।
অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কান্ট্রি ডাইরেক্টর মিউ-ওকা বলেন, এ ধরনের রোডম্যাপ বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন এবং শিল্প উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।