আগরতলা, ৪ জানুয়ারী, ২০২৫ঃ
“শান্তির বিকল্প নেই। বিজেপি সরকার ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছে। এই শান্তি অক্ষুন্ন রাখতে আসন্ন এডিসি নির্বাচনে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে।”
বড়মুড়া পাহাড়ের পাদদেশে রবিবার বিজেপির এক যোগদান সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করে এবং অতিরিক্ত চালাকি করে বেশিদিন রাজনীতি করা যায় না। জনজাতি এলাকার মানুষ এখন উপলব্ধি করতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই বিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে। বড়মুড়ায় মান্দাই মন্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বিশাল মাত্রায় জনজাতি মা ও বোনেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এরই একটি বাস্তব উদাহরণ।
জনজাতিদের উন্নয়নে সংকল্পবদ্ধ আমাদের সরকার, তাই আমরা নিজেরাই বিভিন্ন দাবী পূরণ করবো, অন্যদের মাধ্যমে না।
মান্দাই নগর বিধানসভার অন্তর্গত মান্দাই নগর পুলিন পুর এলাকায় অনুষ্ঠিত এই সভায় ১৮১টি পরিবারের ৪ শতাধিক জনজাতি ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতারা তাদের স্বাগত জানান।